নওগাঁর মান্দায় ডোবা থেকে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবক উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বাসিন্দা। মাছ শিকার ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয়রা জানান, উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মরিয়ম বেগম নামে এক মহিলার একটি ডোবার মাছ কিনে নেন চকরাজাপুর গ্রামের আবদুস সালাম। ওই ডোবার মাছ ধরার জন্য রোববার সকালে বিদ্যুৎচালিত মোটর স্থাপন করে পানি সেঁচের কাজ করছিলেন নিহত আলমগীরসহ কয়েকজন। পানি সেঁচের একপর্যায়ে মোটরে সংযোগ দেয়া বিদ্যুৎ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় পানিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান আলমগীর হোসেন।

ডোবার মালিক মরিয়ম বেগম বলেন, বাড়ি সংলগ্ন ডোবার মাছ পাঁচ হাজার টাকায় আবদুস সালামের কাছে বিক্রি করেছি। রোববার সকালে আবদুস সালাম লোকজন নিয়ে সেখানে মাছ ধরতে আসেন। পানি সেঁচের জন্য তিনি সেখানে মোটর স্থাপন করেন। কাজ করার সময় পানির বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান শ্রমিক আলমগীর হোসেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।