আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত আখেরি মুনাজাতে হাজার হাজার তাবলিগ কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আখেরি মুনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মো: সাইফুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে এই জেলা ইজতেমা শুরু হয়। গত শুক্রবার জুমার নামাজেও মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মো: ইদ্রিস। দিনাজপুরের পুনর্ভবা নদীতে জেগে উঠা চরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর তাবলিগ জামাতের আমিরে ফায়সাল ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল হাকিম জানিয়েছেন, তিন দিনে বয়ান পেশ করেন, ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, মাওলানা মো: সাইফুর রহমান, মাওলানা মো: আব্দুল বাতেন, মাওলানা মো: ইদ্রিস। এ দিকে ইজতেমায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলাসহ আশপাশের অন্যান্য জেলা-উপজেলা হতে আগত তাবলিগ জামাতের সাথীরা ইজতেমা মাঠে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মতো দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।





