দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই দিন দুপুরের পর দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহাজ্জেল আলীর ছেলে তাহসিন তুহিন (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন তুহিন। পরে ২০২১ সালের ২৮ অক্টোবর দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করে। ওই দিন আসামিদের ছবিসহ দর্শনা থানার ফেসবুকে পোস্ট দেয়া হয়। গত ৫ এপ্রিল বিকেলে ওই পোস্টে মন্তব্য করেন তুহিন। এরপর ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হাসান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে ও আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।