টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুদের মা সাহিদা (২৭)। নিহত শিশুরা উপজেলার পুনর্বাসন এলাকার ভ্যানচালক সুরুজ্জামানের ছেলে। গতকাল রোববার দুপুরে ভূঞাপুর উপজেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে পাঁচ মাস বয়সের শিশুটি বিছানায় শোয়া ছিল এবং অন্য ছেলে সাজিম (৪) ঘরে ফ্যান চালিয়ে দিয়ে খেলছিল। হঠাৎ চলন্ত সিলিং ফ্যানটি ছিঁড়ে পড়ে দুই শিশুর উপরে। ঘটনাস্থলেই শিশু দু’টি মারা যায়। গুরুতর আহত হয় শিশুদের মা সাহিদা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুই শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





