জামালপুর থেকে বিয়ের দাবিতে বরগুনার বেতাগীতে এসে অনশনে বসা সেই তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্র্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার।
তিনি বলেন, জামালপুর থেকে আসা তরুণীর বিরুদ্ধে মাহমুদুলের বাবা আদালতে একটি ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি, অনুপ্রবেশকারী ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। ওই মামলাটি আমলে নিয়ে আদালত আমাকে আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। তাই শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসির দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো: নাহিদ হোসেনের আদালতে নতুন করে আরো একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। মামলাটি আমলে নিয়ে বিচারক ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বেতাগী থানার ওসিকে আদেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ এপ্রিল বেতাগী উপজেলার চান্দখালীতে মাহমুদুল হাসান নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন মৌ। ওই তরুণীর আসার খবর পেয়ে ঘটনার দিনই ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান মাহমুদুলের পরিবার। পরে ওই তরুণী দরজার সামনে অবস্থান নেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। এক পর্যায়ে ওই তরুণী বিয়ের জন্য মাহমুদুল হাসানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আত্মহত্যার হুমকি দেন। এর দুই দিন পর স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরের ভেতরে অবস্থান করেন ওই তরুণী। পরে ছেলের মামা ঘটনাস্থলে এলে তাকেও আটকিয়ে রাখা হয়।





