দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার আহমেদ কচি নির্বাচিত হয়েছেন। গত শনিবার বেলা ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটগণনা শেষে রাতে বিএনপি কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আশফাক আহমেদ।
সভাপতি পদে ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হন মোফাজ্জল হোসেন দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পেয়েছেন ৭০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১০৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বখতিয়ার আহমেদ কচি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান জুয়েল পেয়েছেন ৭০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুরাদ আহম্মেদ এবং তিনটি সাংগঠনিক সম্পাদক পদে হাসনা হেনা, আমিনুল ইসলাম মুন্না ও আনিছুর রহমান বাদশা নির্বাচিত হন।
দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত জেলা বিএনপির এ কাউন্সিলে সাতটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে বেলা ১১টায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ভার্চুয়ালি উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।