দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির হিড়িক পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই গরু চুরির ঘটনা ঘটছে। এমনকি গোয়াল ঘরের পাঁচটি তালা ভেঙে পাঁচটি গরু চুরির ঘটনাও ঘটেছে এক রাতে।
গত শুক্রবার রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামের প্রভাষক নাজমুল হকের বাড়িতে দুধর্ষ চুরি হয়। এ নিয়ে ওই গ্রামে গত দুই বছরে ২৪টি গরু চুরি হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গত শুক্রবার রাতে লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে প্রধান ফটকসহ পাঁচটি তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। পরে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানানো হয় পুলিশকে। শনিবার সকালে ফুলবাড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী বলেন, কৃষকের মূল আয়ের উৎসের একটি ধান ও অপরটি গবাদিপশু। একের পর এক চুরির ঘটনায় ভুক্তভোগীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত অপরাধীদের আটকসহ গরু উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম বলেন, গ্রামের গরিব কৃষক গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। কিন্তু একের পর এক চুরির ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।