সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (২৬) ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে উপজেলার গোলাপগঞ্জ পৌরশহরের এলপিজি গ্যাস ফিল্ড সংলগ্ন স্থানে। তার বাড়ি উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামে। আফজাল মৃত মাসুক মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ১৫ জুন। বৃহস্পতিবার গভীর রাতে আফজাল হোসেন নির্বাচনী (ঘোড়া প্রতীকের) পোস্টার লাগাতে যান পৌর শহরের টিকরবাড়ির এলাকার এলপিজি গ্যাস প্লান্টের পাশে। এ সময় তিনি এলপিজি প্লান্টের দেয়ালে ওঠার চেষ্টা করলে বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয়রা আফজাল হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





