নাটোরে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক নাসিম উদ্দীন নাসিমকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মামলার অপর অভিযুক্ত সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারকাজ চলাকালে আইনজীবীদের বসার আসনের পেছনে একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন এমন একটি ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন ও নাজমুল হাসান নাহিদ। সেখানে নাসিম লিখেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের এক পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে এজলাসে ভাতঘুম দিচ্ছে। ভিডিওটি আদালতের নজরে আসলে নাসিম উদ্দীন ও সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একই আদালতের পেশকার আল আমিন ভূঁইয়া বাদি হয়ে মামলা করেন। গত শুক্রবার রাত ৩টার দিকে নাটোর থানা পুলিশ সাংবাদিক নাসিমকে তার নাটোর শহরের বাসা থেকে গ্রেফতার করে। শনিবার বিকেল ৫টার দিকে তাকে নাটোর থানাহাজত থেকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।