টাঙ্গাইলে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত হলেন, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার রামজীবনপুর গ্রামের সেজনু মিয়া, মুনছুর আলী ও মিজানুর রহমান এবং একই উপজেলার গঙ্গাবর গ্রামের জামাল ফকির। তাদের মধ্য সেজনু মিয়া পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় অন্য তিনজন আদালতে হাজির ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: খোরশেদ আলম নয়া দিগন্তকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা বিগত ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ধনবাড়ি উপজেলার রামজীবনপুর গ্রামের আব্দুর রহিমকে লাঠি এবং ইটামুগুর দিয়ে পিটিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো: সুলতান ১৬ জনকে আসামি করে ধনবাড়ি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৫ সালের ২৫ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলা চলাকালে একজন আসামি মৃত্যুবরণ করে। বাকি ১১ জনকে বেকসুর খালাস দেন আদালত।
আসামি পরে আইনজীবী ছিলেন যাইদ হাসান বাবু, দবির উদ্দিন ভূঁইয়া ও নাদিম উদ্দিন নিউটন।





