নারায়ণগঞ্জে একের পর এক খুনের ঘটনা বেড়েছে। গত ৩১ দিনে জেলার বিভিন্ন স্থানে খুনের ঘটনা ঘটেছে ১১টি। এ ছাড়া বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের ঘটনা। গত জুলাই মাসজুড়ে নারায়ণগঞ্জ জেলায় মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যা, পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিশোরগ্যাং হামলায় লোমহর্ষক হত্যাকাণ্ডসহ ১১টি খুনের ঘটনা ঘটে। এরই মধ্যে সদর উপজেলায় ছয়টি, সোনারগাঁওয়ে দু’টি, আড়াইহাজারে দু’টি ও রূপগঞ্জ একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সাধারণ মানুষের অভিযোগ, একের পর এক খুনের ঘটনা নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। তার সাথে ভয়াবহভাবে যুক্ত রয়েছে মাদক বিক্রির মহোৎসব ও কিশোরগ্যাংয়ের উৎপাত। গেলো মাসে কয়েকটি হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস। ভুক্তভোগীরা জানান, পুরো জেলায় প্রধান দুই সমস্যা হচ্ছে মাদক ও কিশোরগ্যাং। এর মধ্যে সদর উপজেলায় কিশোরগ্যাংয়ের উৎপাত আতঙ্ক ছড়িয়েছে। প্রতিনিয়ত অনাকাক্সিক্ষত ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে মানুষ।
গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে ছুরিকাঘাতে সজিব (২৫) নামে যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন ২১ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদরাসার শেষ মাথায় মিয়াপাড়ার মাঠে হোসিয়ারি শ্রমিক মেহেদী হাসানকে (২৩) ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
গত ২৮ জুলাই রাতে চর আলীরটেকের ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় বশির ব্যাপারি (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। একই দিন সোনারগাঁওয়ে নিখোঁজের দু’দিন পর মাটিচাপা অবস্থায় হুমায়ারা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হুমায়রার ভাবী বৈশাখী আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গত ২৭ জুলাই সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইমন (১৭) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই কলেজছাত্র।
গত ২৬ জুলাই ফতুল্লায় বোনকে মারধরের প্রতিবাদ করায় হাশেম মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে ভগ্নিপতি। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ জুলাই রূপগঞ্জে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি ডক ইয়ার্ডের পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক তরুণীর (২২) লাশ উদ্ধার করে পুলিশ। ইট দিয়ে তরুণীর মুখ থেঁতলে দেয়া হয়।
গত ৬ জুলাই আড়াইহাজারে আনোয়ারা নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।
গত ৪ জুলাই ফতুল্লায় শারমিন নামের এক নারীর বিরুদ্ধে তার আড়াই বছরের শিশুকন্যাকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠে। গত ৩ জুলাই আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকায় জুয়ার টাকার জোগার করতে গিয়ে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ঘাতক সাদিকুর রহমান সাদিকে আড়াইহাজারের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পিবিআই।
গত ১ জুলাই সোনারগাঁওয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে জুনু আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মো: আমীর খসরু বলেন এ মাসে বিভিন্ন কারণে খুনের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ এগুলোর মধ্যে প্রধান কারণ। পারিবারিক কলহের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। দাম্পত্য কলহ, সম্পত্তি নিয়ে বিরোধ, বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌতুক, মাদকাসক্ত এসব বিষয় হত্যাকাণ্ডগুলোর প্রধান কারণ হিসেবে রয়েছে। এসব ঘটনা বন্ধ করার জন্য আমাদের পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় করতে হবে। সচেতনতা তৈরি করতে হবে। কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়ে বলেন, কিশোর গ্যাং আরাজকতা আগের চেয়ে কমেছে। আমরা কিশোর গ্যাংংের উৎপাত রোধে আবারো অভিযান শুরু করব।
না’গঞ্জে অপতৎপরতা বেড়েছে কিশোর গ্যাংয়ের
৩১ দিনে ১১ খুন
নারায়ণগঞ্জে একের পর এক খুনের ঘটনা বেড়েছে। গত ৩১ দিনে জেলার বিভিন্ন স্থানে খুনের ঘটনা ঘটেছে ১১টি। এ ছাড়া বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের ঘটনা।...





