ক্ষতিপূরণের দাবি ও হয়রানির প্রতিবাদে চার দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। দাবি পূরণ না হলে ২৮ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে বড়পুকুরিয়া বাজার সড়কে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী পরিবার-পরিজন নিয়ে মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি বড়পুকুরিয়া পুরাতন বাজার থেকে বের হয়ে পাতরাপাড়া গ্রাম প্রদক্ষিণ করে বড়পুকুরিয়া নতুন বাজারে এসে শেষ হয়।
মানববন্ধনে জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো: ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ান উল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য আলহাজ রুহুল আমিন মণ্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, আলহাজ বেলাল উদ্দিন, লিয়াকত আলী মণ্ডল, একরামুল হক, গোলাপ প্রমুখ।