নরসিংদীর পলাশ উপজেলায় সেপটিক ট্যাঙ্ক থেকে সালমান হোসেন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার কাজিরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় সালমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিংও করে। পরে রাতে বাড়ির কিছু দূরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে সালমানের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।