খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া-সিন্দুকছড়ি সড়কে কাঠবোঝাই ট্রাক উল্টে দুইজন শ্রমিক নিহত ও আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর মো: আলমগীর হোসেন (৪০)-কে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে গচ্ছাবিলের তৈকর্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার ভোররাতে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে ট্রাক নিয়ে চালক মো: মাসুদ হোসেন ১০ জন শ্রমিকসহ গুইমারার সিন্দুকছড়ি এলাকায় যায়। সেখানে কাঠ বোঝাই শেষে সকাল ৭টার পর গচ্ছাবিলের উদ্দেশ্য রওয়ানা হয়ে তৈকর্মা এলাকায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে কাঠের নিচে চাপা পড়ে শ্রমিকরা। স্থানীয় লোকজন প্রথমে এগিয়ে এসে উদ্ধার করে গুরুতর আহত শ্রমিকদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল আনার পথে রাজু আহম্মদ (২৮) ও মো: ইলিয়াছ হোসেন (৩৫)-এর মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, নিহতরা হাসপাতালে আসার পথে মারা গেছে। আহতদের মধ্যে গুরুতর একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে ভর্তি করা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম জানান, দুর্ঘটনাস্থল গুইমারা থানার অধীনে হওয়ায় গুইমারা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

