খাদের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ ওই গ্রামের ব্যবসায়ী আবুল মাতুব্বরের একমাত্র ছেলে।
নিহত শিশুর পরিবার জানায়, শনিবার সন্ধ্যার আগে শিশু আব্দুল্লাহকে বাড়ির উঠানে রেখে তার মা প্রায় ২০০ গজ দূরে সড়কের পাশে থাকা রোদে শুকানো পাটকাঠি পরিচর্যা করতে যান। কিছুক্ষণ পর এসে তাকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে বাড়ির পেছনে ছোট একটি খাদের মধ্যে মাথা জাগিয়ে সামান্য পানিতে ভাসতে দেখা যায় আব্দুল্লাহকে। পরে তাকে উদ্ধার করে সালথা বাজারে চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
রোববার সকালে গট্টি ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান লাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ ছিলেন আবুল-খাজিদা দম্পতির একটি মাত্র সন্তান। তাই তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর মা-বাবাসহ পুরো পরিবার।





