কক্সবাজারের পেকুয়ায় জুয়া খেলায় তর্কাতর্কির এক পর্যায়ে আবদুল মালেক (৫০) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় তার দুই ছেলে পারভেজ (২৫), মোহাম্মদ হোসেন (১৯) ও স্ত্রী বুলবুল আক্তারকে (৪০) ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত নুরুল আমিন ও তার এক মেয়েকে রাজাখালী থেকে আটক করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত আবদুল কাদের মগনামা বাইন্যাঘোনা চল্লিশ পরিবার এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাসপাতালে মারা যান আবদুল কাদের। আটক নুরুল আমিন বাজারপাড়া এলাকার মৃত আব্দুল জাব্বারের ছেলে। অপর আটক মহিলার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারপাড়া যাত্রী ছাউনিতে আবদুল কাদের, নুরুল আমিন, মাসুম ও আবুহেনা মোবাইলে জুয়া খেলছিল। এ সময় আবদুল কাদের ও নুরুল আমিনের মধ্যে বাগি¦তণ্ডা হয়। এক পর্যায়ে নুরুল আমিন আবদুল কাদেরকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনায় একজন মারা গেছে। তবে কেউ আটক হয়নি। পুলিশের অভিযান চলছে।