বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো সাজানো নির্বাচনে অংশ নেবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যেতে পারবে না। তিনি আরো বলেন, দেশে সার, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে কৃষক ও সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কৃষক রাসায়নিক সারের জন্য ডিলারদের কাছে ধরনা দিচ্ছেন, আর আওয়ামী লীগের নেতারা বিলাসিতা করছেন। তিনি শনিবার উপজেলার দিঘলকান্দি হার্ট পয়েন্ট (প্রেম যমুনা) মাঠে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির।