কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনটি ১৫০ সিসি বাজাজ পালসার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকভার ও একটি ১০০ সিসি বাজাজ ডিসকাভারসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাত ফুলবাড়ী থানা এলাকার নাওডাংগা ও কিশামত শিমুলবাড়ী গ্রামের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম নাওডাঙ্গা গ্রামের আইজুদ্দিনের ছেলে (২৫) এবং মিজানুর রহমান (২২) কিসামত শিমুলবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, রাতভর তল্লাশি চালিয়ে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিদানিক দল পাঁচটি মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। বিআরটিএ হতে তথ্য সংগ্রহ করে মোটরসাইকেল মালিকদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে দু’জন মালিক সনাক্ত করা গেছে। একজনের মোটরসাইকেল তিন মাস আগে রংপুর জেলার গংগাচড়া উপজেলা হতে এবং অন্যজনের দিনাজপুরের বিরগঞ্জ হতে চুরি হয়।
বাকিদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় দেশের বিভিন্ন জেলা হতে চোরাইকৃত এসব মোটরসাইকেল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার জন্য কুড়িগ্রাম জেলা পুলিশ প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।





