মসজিদে জমি দান করায় বাবা আরশেদ আলীকে (৬৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে দুই ছেলে ও ভাগিনা। এ ঘটনায় ছোট ছেলে খোরশেদ আলম এবং ভাগিনা আহাদকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন বড় ছেলে খবির।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উকিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে জমি লিখে দেয়াকে কেন্দ্র করে ছেলেদের সাথে আরশেদ আলীর ঝামেলা চলছিল। সম্প্রতি মসজিদের নামে ১০ শতাংশ জমি লিখে দিলে ছেলেদের সাথে বাবা আরশেদ আলীর বিরোধ চরমে পৌঁছায়। বিষয়টা নিয়ে এলাকাবাসী সমঝোতা করার চেষ্টা করলেও ছেলেরা বাবার ওপর ক্ষিপ্ত থাকে।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে বাড়ি থেকে ডেকে পাশের একটি নির্জন যায়গায় নিয়ে দুই ছেলে এবং নাতি (ছোট মেয়ের ছেলে) মিলে লোহার হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে হত্যা করে। আক্রান্ত আরশেদ আলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বড় ছেলে খবির পালিয়ে যায়। এ সময় ছোট ছেলে খোরশেদ আলম এবং নাতি আহদকে এলাকাবাসী আটক করে।

নির্মম এই ঘটনায় এলাকাবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে বাকি একজন ভুক্তভোগীর বড় ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।