ঢাকার দোহার উপজেলার পদ্মাপাড়ে অবস্থিত মৈনটঘাট থেকে পদ্মার ওপাড়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুরঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মৈনটঘাট লঞ্চ টার্মিনাল থেকে আনুষ্ঠানিক এ সার্ভিস উদ্বোধন করেন বিআইডব্লিবটিআর অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নিরাপদ যাত্রী পারাপারের জন্য এ অঞ্চলের মানুষের জন্য এ সার্ভিসটি খুবই গুরুত্বপূর্ণ। দেরিতে হলেও আমারা কাজটি করতে পেরেছি। আশা করছি, এখন থেকে এই রুটের যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই মৈনটঘাট টার্মিনাল থেকে গোপালপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়।
লঞ্চ সার্ভিস উদ্বোধনের মাধ্যমে ফরিদপুর জেলার তিনটি উপজেলার মানুষ লঞ্চে পদ্মা নদী পারি দিয়ে খুব সহজে রাজধানীতে যাতায়াত করতে পারবেন। অন্য দিকে মৈনটের পর্যটকরা ফরিদপুরেও ঘুরতে যেতে পারবেন। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর এ রুটে লঞ্চ চলাচল করবে।





