বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৪০ কেজি (১৮ বস্তা প্রতি বস্তায় ৩০ কেজি) চালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ভ্যানচালক জাহাঙ্গীর আলম (২৮) বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
থানা সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল নিয়ে অটোভ্যান চালক জাহাঙ্গীর আলম আইলপুনিয়া গ্রামের মানুষমারী নামক স্থান হয়ে ধুন্দার বাজারের দিকে যাওয়ার সময় এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালসহ জাহাঙ্গীর আলমকে আটক করে। এ ব্যাপারে আইলপুনিয়া গ্রামের নজিবুল্লাহ মজনু মণ্ডল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।