জামালপুরের ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামের নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে দশানী নদীর পাড়ে মানববন্ধনে এলাকাবাসী বসতবাড়ি, রাস্তা ঘাট, মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল ফারুক (সুজন), গোলাপ সরকার, আশরাফুল ইসলাম, হাজী আব্দুল হাই, নুরনবী মিয়া, মওলানা মোকাররম হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, গত তিন বছর থেকে শতাধিক বাড়িঘর ঈদগাহ মাঠ, মসজিদ, মাদরাসা, গোরস্থানসহ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের কারণে অনেকেই বসতভিটা ও ফসলি জমি হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকার বস্তিতে
আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে।
তারা বলেন, এভাবে চলতে থাকলে ডাকপাড়া, মরাবন, নতুন শাহ পাড়া, মালপাড়া, আর্দশ গ্রাম, চন্দনপুর, টুংরাপাড়া, নতুন শাহ পাড়াসহ কয়েকটি গ্রাম অচিরেই বিলীন হয়ে যাবে। এতে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছে ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ভাঙন রোধে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সুদৃষ্টি কামনা করেন।





