পৈতৃক সম্পত্তি চাষ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা ও তার দুই ছেলে মেয়ে। এ ঘটনায় মামার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন আহত ভাগনে। ঘটনাটি ঘটে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহটি ইউনিয়নের ভেলাকোপা এলাকায়।
মামলার নথি ও ঘটনার অনুসন্ধানে জানা যায়, একই এলাকার হামিদার রহমান বসুনিয়ার মৃত্যুর পর তার মেয়ে আছিয়া বেগম পৈতৃক সম্পত্তির ৫.৯০ একর জমি ফেরত পেতে দীর্ঘদিন থেকে তার ছোট ভাই রেদোয়ানুল হক বসুনিয়া ওরফে বাবুকে অনুরোধ করে আসছিলেন। কিন্তু তিনি কোনোভাবেই অংশের জমি বুঝিয়ে দিচ্ছেন না। সেজন্য বিভিন্ন সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানায় স্থানীয়ভাবে শালিসি বৈঠক হয়। প্রতিবারই অভিযুক্ত বাবু বোনের অংশ ফেরৎ দেয়ার অঙ্গীকার করেন। শুধু তাই নয়, আদালতেও বোনের জমি ছেড়ে দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করে আসেন।
এমতাবস্থায় ১৯ ডিসেম্বর আছিয়া বেগম নিজের ছেলে ও মেয়েকে সাথে নিয়ে জমি চাষ করতে যান এবং জমি চাষ করে ফসল বুনেন। জমি চাষ শেষে ফেরার পথে রেদোয়ানুল হক বসুনিয়া বাবু সেখানে উপস্থিত হলে হামলার শিকার হন আছিয়া বেগম, তার মেয়ে তাসলিমা খানম মিলন ও ছেলে আসলাম হোসেন বিপু। হামলায় তাসলিমা খানম মিলনের মাথা ফেটে যায়। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে রহিমুল হক সঞ্চয় বলেন, তারা নিজেরাই নিজেদের মাথা ফাটিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
এই ঘটনায় ১৯ ডিসেম্বর রাতেই মামা, মামাতো ভাই রহিমুল হক সঞ্চয়সহ ৮ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন আসলাম হোসেন বিপু। এ বিষয়ে আছিয়া বেগম জানান, তার বাবা হামিদার রহমান বসুনিয়ার মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও তার প্রাপ্য জমি ছেড়ে দিচ্ছেন না ছোটভাই। বহুবার পারিবারিক ও সামাজিকভাবে শালিস বৈঠকে জমি বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করলেও বাবু তার জমি দেননি।
এ বিষয়ে জানতে রেদোয়ানুল হক বসুনিয়াকে কল দিলে তিনি উত্তেজিত হয়ে উল্টো প্রতিবেদকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।
প্রতিবেদকের কাছে আসা নথি থেকে জানা যায় ১৯৭৩ সালে হামিদার রহমান বসুনিয়া জীবিত থাকা অবস্থায় নিজেরা ভাইদের মধ্যে জমি বণ্টন করে নেন এবং নতুন ভূমি জরিপে তাদের উত্তরাধিকারদের মধ্যে পৃথক পৃথক মাঠ পর্চা হয়।
মামলার বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে এজাহার নথিভুক্ত করা হবে।
পৈতৃক সম্পত্তির দখল নিতে গিয়ে হামলার শিকার বৃদ্ধা
পৈতৃক সম্পত্তি চাষ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা ও তার দুই ছেলে মেয়ে। এ ঘটনায় মামার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন...





