কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাক ও শারীরিক প্রতিবন্ধী এক যুবক ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নাম সবুজ চন্দ্র রায় (২৬)। তাকে খুঁজে না পাওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর ফুলবাড়ী থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে বাক ও শারীরিক প্রতিবন্ধী সবুজ ২২ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। পরে যুবকের চাচা অমূল্য চন্দ্র রায় ভাতিজার সন্ধান চেয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। প্রতিবন্ধী যুবককে দ্রুত খুঁজে পেতে সব ধরনের চেষ্টা
অব্যাহত রয়েছে।





