সিরাজগঞ্জে সহকারী জজ আদালতের সেরেস্তা থেকে দেওয়ানি মামলার নথি চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গত শুক্রবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে নথি চুরির ঘটনায় ঢাকা হাইকোর্ট থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার তদন্ত কমিটি প্রধান ঢাকা হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজ রহমান ও হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুল রহমান ও সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির চুরি হওয়া কক্ষ পরিদর্শন করেন। এ সময় তারা সেদিনের ঘটনায় নানা বিষয়ে বিভিন্ন জনের সাথে কথা বলেন। তদন্তের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল কোর্টের নাজির বেলাল হোসেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালত কামারখন্দ সেরেস্তা রুম খুলে কর্মচারীরা দেখতে পায় মেঝেতে বিভিন্ন মামলার নথি এলোমেলোভাবে পড়ে আছে। এ ছাড়া আলমারিতে রাখা মামলার নথিগুলো নেই এবং রুমের জানালার লোহার রড ভাঙ্গা অবস্থায় রয়েছে। এ ঘটনায় জেলা জজকোর্টের নাজির ওসমান গণি বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।