নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির দখলে থাকা জমি ফেরত পেতে এবং মামলা-হামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশিমপুর এলাকায় নওগাঁর আত্রাই সড়কে এই মানববন্ধন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, গত ২০১৫ সালে ইসরাফিল আলম এমপি কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি জবরদখল করে প্রাচীর দিয়ে `পল্লী শ্রী সম্বনিত কৃষি প্রদর্শনী খামার` গড়ে তোলেন। ওই সময় এলাকার গরীব অসহায়দের টাকা না দিয়ে জমি জোরপূর্বক দখলে নেন। জমির মালিকরা জমি ছাড়তে না চাওয়ায় এলাকার সাদেকুল ইসলামসহ কয়েকজনকে মিথ্যে মামলায় হয়রানি ও নির্যাতন করা হয়। জমি হারানোর শোকে বেশ কয়েকজন মারা গেছেন বলেও দাবি করা হয়। এ বিষয়ে বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না দাবি করে উল্লেখিত জবরদখলে রাখা জমি ফেরত পেতে এবং মিথ্যা মামলা, হত্যার হুমকিসহ সকল হয়রানি বন্ধে, প্রশাসনের ন্যায় বিচার এবং হকদারের কাছে জমি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ভুক্তভোগীরা।

কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এবং ভুক্তভোগী সাদেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মারিয়া বিবি, সুফিয়া বিবি, এবাদুল হক, আজিজার রহমান ও আব্দুস ছাত্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে মরহুম এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন, গড়ে তোলা খামারে সাদেকুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। গত ২ জানুয়ারি এক মন্ত্রীর উপস্থিতীতে বৈঠকে তা নিরসন হয়েছে। এর পরেও তিনি কেন এমন ঝামেলা করছে বুঝতে পারছি না।