টাঙ্গাইলের গোপালপুরে গত সোমবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সচিত্র প্রচারপত্র বিতরণ করতে গেলে টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনিরের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ ভূঞাপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া বিকেল ৪টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ভূঞাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে মেয়র মাসুদুল হক মাসুদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী। এ জন্য তিনি গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে সোমবার দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সচিত্র প্রচারপত্র বিতরণ করতে যান। গোপালপুরের আলমনগর বোর্ড বাজারের কাছাকাছি গেলে এমপি ছোট মনিরের সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। হামলায় কার বহরের দু’টি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর হয়। হামলায় চারজন সাংবাদিক ও তার ১৫-২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।