সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। কিন্তু দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও চিহ্নিত করা যায়নি ঘাতক বাস।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় মাদারবাজার শাহী ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতরা হলেন উপজেলার উসমানপুর ধনপুর গ্রামের ইসমাইল আলী পাখি মিয়ার ছেলে রেদওয়ান আহমদ (২৬) ও একই ইউনিয়নের কমরপুর গ্রামের মুশাহিদ মিয়ার ছেলে জাহেদ আহমদ (২৫)।
জানা যায়, রোববার বিকেল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের গোয়াইনঘাট এলাকায় শেরপুরগামী সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আর আরোহীরা গুরুতর আহন হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওদিকে দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকায় চালক দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন। তাই বাসটি আটকানো সম্ভব হয়নি।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। উপস্থিত কেউ বাসের নম্বর রাখতে পারেননি। পুলিশের পক্ষ থেকে বাস চিহ্নিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।





