নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া আরো দু‘জন আহত হয়েছেন। নিহতের নাম আমেনা বেগম (৫৫)।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম মজিবর রহমানের মেয়ে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ভ্যানচালক আবদুল মান্নানের ছেলে আকাশ (২০) ও ফলবিক্রেতা নেকবর আলীর ছেলে মানিক (২৩)।

অন্য ঘটনায় প্রসাদপুর-জোতবাজার সগকের বুড়িদহ শ্মশানঘাটি এলাকায় গ্রামীণফোনের একটি পিকআপের ধাক্কায় উপজেলা প্রকৌশল দফতরের কার্য-সহকারী হাবিবুর রহমান (৪০) আহত হন। আহত হাবিবুর রহমান ও আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দু‘জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ১১টার দিকে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় সতিহাট থেকে ফেরিঘাটগামী একটি মোটরসাইকেল বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে পথচারী আমেনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর ছিটকে পড়লে পেছন থেকে আসা বালুবাহী ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত আমেনাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যেই তিনি মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।