পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বিএনপির কার্যলয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদর বাহেরচরে এ ঘটনা ঘটে। এ সময় অফিসের মধ্যে থাকা চেয়ার-টেবিল, আসবাবপত্র, ব্যানার এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ছিঁড়ে ফেলা হয়।
বিএনপি নেতাদের দাবি ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি জানান, আগামীকাল দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গাবালী উপজেলায় অবস্থান কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। কিন্তু তাদের হামলায় আমরা ভয়ে পিছু হটবো না। আগামীকাল যেকোনো মূল্যে দলের কর্মসূচি বাস্তবায়ন করবো।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল জানান, বিএনপির অফিস কে বা কারা ভাঙচুর করেছে তা জানা নেই। বিএনপি নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আমাদের ওপর দোষ চাপাতে পারে।
রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রিয়াদ মৃধা জানান, ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনেছে তা সঠিক নয়। শুধু শুধু ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বিএনপি আমাদের ওপর দোষ চাপাচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতে তারা ছাত্রলীগের নাম সামনে এনেছে।





