সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ স্বপ্না বেগম হত্যা মামলার প্রধান আসামী শফিক উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার বালিটেকা পরচক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিক বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মরহুম ইব্রাহিম আলীর ছেলে এবং সম্পর্কে নিহত স্বপ্নার ভাসুর।

পুলিশ জানায়, দুবাই প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী স্বপ্না বেগমের সাথে তার ভাসুর শফিক উদ্দিনের জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার সকালে ঘাতক শফিক উদ্দিন ভিকটিমকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আমিন জানান, ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।