ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে দুটি বাস ও একটি পিকাপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মনির হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরে এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন কিশোরগঞ্জের দুলাল হোসেনের ছেলে।

নরসিংদীর ট্রাফিক পুলিশের পরিদর্শক শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ থেকে একটি বাস শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর মিল গেইট এলাকায় পৌঁছলে নরসিংদী থেকে ইটাখোলাগামী হাইওয়ে মিনিবাস ও একটি পিকাপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়। এতে উভয় যানবাহনের অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অন্যদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ধীরগতি হওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

নরসিংদীর ট্রাফিক পুলিশের পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।