ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের ধরে সিজিল মিয়া (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শুক্রবার জুমা নামাজের পর নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিজিল মিয়া আলমনগর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সিজিল মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নবীনগর পূর্ব ইউনিয়নের ধোপাকান্দা গ্রামের পারভিন বেগমকে বিয়ে করেন। কিন্তু সংসারে মিলমিশ না হওয়ার কারণে বিয়ের কয়েক মাস পর পারভিন বেগমকে তালাক দেন সিজিল মিয়া। এ ঘটনার জের ধরে আলমনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে শাহ আলম মিয়ার সাথে বিরোধ তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের সময় আলমনগর উত্তরপাড়া মসজিদের ভেতর নামাজের কাতার দাঁড়ানো নিয়ে সিজিল মিয়া ও শাহ আলমের মধ্যে তর্কবিতর্ক হয়।
নামাজ শেষে সিজিল মিয়া মসজিদ থেকে বের হওয়ার পরপরই শাহ আলম মিয়া তার ওপর আক্রমণ চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।