কিশোরগঞ্জের হোসেনপুরে কাম্য যোগ্যতা থাকা সত্ত্বেও প্রকৃত প্রতিবন্ধীদের অনেকেই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ উঠেছে, ভাতা পাচ্ছেন অপেক্ষাকৃত সুস্থরা।
সূত্র মতে, অনেক প্রতিবন্ধী নারী-পুরুষ উপজেলা সমাজসেবা অফিসসহ বিভিন্ন স্থানে বারংবার ঘুরেও নানা অজুহাতে তালিকায় নাম ওঠাতে ব্যর্থ হচ্ছেন। গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছেন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অনেক প্রতিবন্ধী নারী-পুরুষ। তাদের মধ্যে রয়েছেন উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া (৪২)। তিনি সড়ক দুর্ঘটনায় গত ৮ বছর ধরে পঙ্গু। তিনি উপজেলা সমাজসেবা অফিসে ৫-৬ দিন গিয়েও কোনো সহযোগিতা পাননি। মধ্য গোবিন্দপুরের মানসিক প্রতিবন্ধী মতিউর রহমানের (৪৫) অবস্থা এতটাই খারাপ যে, তাকে বারবার জিজ্ঞাসা করলেও বাবার নাম বলতে পারেনি। তাদের মতো অবস্থা গোবিন্দপুরের মৃত সুরত আলীর ছেলে দৃষ্টি প্রতিবন্ধী ফিরোজ উদ্দিন (৬৫), মৃত ফজলুর রহমানের ছেলে মানসিক প্রতিবন্ধী আজিজুল (৩৫), দক্ষিণ গোবিন্দপুরের আবু তাহেরের ছেলে মানসিক প্রতিবন্ধী শাহীন মিয়া (২৮), আব্দুল মতিনের ছেলে মানসিক প্রতিবন্ধী রাসেলসহ আরো অনেকেরই। অভিযোগ উঠেছে, তাদের কেউই দীর্ঘদিনেও প্রতিবন্ধী ভাতা না পেলেও অপেক্ষাকৃত সুস্থরা ঠিকই প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হকের বক্তব্য পাওয়া না গেলেও সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, মূলত ডাক্তারি পরীক্ষার সনদ দেখেই প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। কেন তারা ভাতা পায়নি খতিয়ে দেখা হবে।