বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, বিএনপি যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়ন করতে হবে এবং শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। তিনি বলেন, পুলিশের গুলিতে নিহত শহীদ নাসিরের মতো আমাদের সাহসী হতে হবে। নাসিরকে আমি ছোটকাল থেকে চিনি। প্রতিটি আন্দোলন সংগ্রামে সে অংশ নিয়েছে। সেই নাসির তপ্ত বুলেট বুকে নিয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।

বুধবার বিকেলে পাটগ্রাম পৌর এলাকার সোহাগপুরে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে নিহত নাসিরের পরিবারকে একটি বাড়ির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু এ কথা বলেন। ২০১৩ সালের ৪ নভেম্বর সারা দেশে যে রাজনৈতিক সহিংসতা শুরু হয় তখন পুলিশের গুলিতে নিহত হন পাটগ্রাম পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির উদ্দিন। সহায় সম্বলহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে নাসির নিহত হওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় ও জেলা বিএনপি তার পরিবারের সাহায্যে এগিয়ে আসে। নাসিরের বাবা মিন্টু মিয়াকে দল থেকে পৌরসভার সোহাগপুরে পাঁচ শতাংশ জমির ওপরে একটি সেমি পাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়। এই বাড়ি নির্মাণে অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব, পৌর বিএনপির সভাপতি সালাউজ্জামান ওপেল সার্বিক সহযোগিতা করেন।
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সালাউজ্জামান ওপেল।