কক্সবাজারের পেকুয়ায় জায়গা জমির বিরোধের জের ধরে পাষন্ড দেবরের হাতুড়ি পেটায় নিহত হলেন ভাবী। নিহতের নাম কহিনুর আক্তার (৪০)। এ অভিযোগ করেছেন নিহত কহিনুরের মেয়ে রোকেয়া বেগম। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মালয়েশিয়া প্রবাসী আমির হোসেনের স্ত্রী এবং চার সন্তানের জননী।

স্থানীয়রা জানান, এলাকার মৃত পেটানের দুই ছেলে আলী আহমেদ ও আমির হোসেনের মধ্যে বসত বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন আলী আহমদ লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এ সময় ভাবী কহিনুর আক্তার কাজে বাঁধা দিলে আলী আহমদ এসে ভাবীর মাথায় সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং হাতুড়ি পেটা করে পুরো শরীর থেতলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।