কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী রিফাত মিয়া ( ১৮ ) নির্মমভাবে খুন হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রিফাত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুুল রহমানের ছেলে অটোরিকশা চালক রবিউলের (২৩) মধ্যে বাড়ির পাশের জামতলা বাজারের কাছে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত এ বছর হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রতিবেশীরা জানান, হত্যাকারী রবিউল বীর হাজিপুর গ্রামে তার নানার বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন। মূলত নিহতের চাচাতো বোনকে হত্যাকারীর বড় ভাই বিয়ে করায় সাংসারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছিল। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই ঘাতক রবিউলকে গ্রেফতারে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চলছে। পাশাপাশি আইনিভাবেও কার্যকরী উদ্যোগ গ্রহণে সচেষ্ট রয়েছে পুলিশ।