হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ আগুনে চারটি মুদি দোকান, তিনটি সেলুন, একটি ইলেকট্রনিকস দোকান মালামালসহ পুড়ে যায়। জানা যায়, বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে গেলে হঠাৎ হাফিজ মিয়ার মুদি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুদি দোকানি নিকেশ দাশ, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তী, সেলুন ব্যবসায়ী অজিত দাস, ভানু শীল, কাজল শীল, ফার্মেসি ব্যবসায়ী অঙ্গদ দাস ও ইলেকট্রনিকস ব্যবসায়ী সনজিত দাসের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।





