ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুল্লাহ একই এলাকার মো: ফরিদের ছেলে।
জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আব্দুল্লাহ। এ সময় তার মা নাসিমা বেগম ঘরে রান্নার কাজ করছিলেন। কিছু সময় পর নাসিমা ঘর থেকে বেরিয়ে উঠানে আব্দুল্লাহকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু আব্দুল্লাহকে ভাসতে দেখে চিৎকার দেন নাসিমা বেগম। পরে স্বজনরা আব্দুল্লাহকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় আব্দুল্লাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





