নরসিংদীর শিবপুরে নির্মাণাধীন মালঞ্চ পার্কে বিদ্যুৎস্পৃষ্টে ফারুক গাজী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের এ ঘটনা ঘটে।
ফারুক গাজী মুনসেফেরচর গ্রামের মরহুম আলী নেওয়াজ গাজীর ছেলে এবং মালঞ্চ পার্কের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।
ফারুক গাজীর স্বজনরা জানায়, রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে মালঞ্চ পার্কে দায়িত্ব পালনে যান ফারুক গাজী। সকালে বাড়ি ফিরতে দেরি দেখে স্বজনরা খোঁজাখুঁজি করে মালঞ্চ পার্কের পানির পাম্পের সাথে তাকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মনিরা হক মুন্নী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।





