মিরসরাইয়ে দাখিল পরীক্ষার ফল প্রকাশের দু’দিন আগে সুমাইয়া বিনতে কালাম (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়কমলদহ এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।

সুমাইয়া ওই বাড়ির প্রবাসী আবুল কালামের মেয়ে। তিনি ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শুক্রবার (২৮ জুলাই) তার পরীক্ষার ফল প্রকাশিত হবে।

নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মৌমিন হোসেন বলেন, বুধবার বিকেলে পরিবারের সবার অগোচরে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া বিনতে কালাম আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সুমাইয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে যে বুধবার ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকায় তার মা তাকে বকাঝকা করেছেন। ওই অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মিরসরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল বলেন, এ ঘটনায় একটি অপ্রমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।