বগুড়া-নাটোর মহাসড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ ওঠেছে সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব।
অভিযোগ ওঠা ওই সাবেক সরকারি কর্মকর্তার নাম হাইয়ুল কাইয়ুম। তার বাড়ি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকায়। তিনি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্টিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ছিলেন। তিনি অবসরে গেছেন ২০২০ সালে।
জানা গেছে, সরকারের মূল্যবান এ জমিতে জনস্বার্থে নির্মাণ করার কথা ছিল টার্মিনাল। ওই জমি দখল করে মার্কেট নির্মাণ শুরু করেছেন সাবেক এক অতিরিক্ত সচিব। সড়ক ও জনপথ বিভাগ নোটিশ দিলেও তিনি নির্মাণকাজ বন্ধ করেননি। এরই মধ্যে তিনটি দোকান ভাড়াও দিয়েছেন।
স্থানীয়রা জানান, কুন্দারহাট এলাকায় ধানের বড় বাজার মহাসড়কে বসার কারণে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ কারণে মহাসড়কের পাশে ১৯৬৩ সালে অধিকগ্রহণ করা জমিতে টার্মিনাল নির্মাণ করার পরিকল্পনা ছিল স্থানীয় প্রশাসনের। তিন বছর আগে ওই জমিতে কলাগাছ লাগিয়ে চারদিক দিয়ে ঘিরে ফেলেন সাবেক অতিরিক্ত সচিব হাইয়ুল কাইয়ুম। এর আগে ২০১৯ সালে পাঁচ কোটি টাকার বিনিময়ে এ জমির পাশে ২১৩ শতক জায়গা কেনেন ওই সাবেক কর্মকর্তা। এরপরই সরকারি জমি দখলে নিতে পায়তারা শুরু করেন তিনি। সবশেষ এক সপ্তাহ আগে দোকান নির্মাণ শুরু করেন এবং দ্রুততম সময়ে এই দোকারঘর নির্মাণ করে বিভিন্ন ব্যক্তিদের ভাড়া দিয়েছেন।
স্থানীয় কুন্দারহাট হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এম আর জামান রাসেল বলেন, হাইয়ুল কাইয়ুম সরকারের সাবেক বড় কমকর্তা হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তবে এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগকে জানিয়েছে।
তিনি জানান, এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার সম্পদ কেনার অভিযোগ দুদকে (দুর্নীতি দমন কমিশন) রয়েছে। এলাকায় তিনি কয়েক কোটি টাকার সম্পদও কিনেছেন।
বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর জিয়া রহমান বলেন, কিছু দিনের মধ্যেই ওই জমিতে টার্মিনাল নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। তবে হঠাৎ করে ওই জায়গায় একজন মার্কেট নির্মাণ শুরু করেছেন বলে শুনেছি। টার্মিনালটি হলে পুরো উপজেলার কৃষক ও ধান ব্যবসায়ীরা উপকৃত হবে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক সরকারী কর্মকর্তা হাইয়ুল কাইয়ুম বলেন, আমার জায়গায় আমি মার্কেট নির্মাণ করেছি। তবে টিনসেড ঘরের ভেতরে হাইওয়ে রাস্তার কিছু জায়গা পড়ে আছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আসাদুজ্জামান বলেন, হাইয়ুল কাইয়ুমের বিরুদ্ধে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের খবর পেয়ে বার বার মার্কেট নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু তিনি না শুনে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। অচিরেই ওই ঘর গুলি গুঁড়িয়ে দেয়া হবে।





