কাপ্তাইয়ে পা পিছলে পাহাড় থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম রোসানা বেগম (৬৫)। তার স্বামীর নাম আনসারুল হক। ঘটনাটি ঘটেছে চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন এলাকায়।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের পুরনো ভবনের চৌকিদার আনসারুল হক ও তার ছেলে রিকশাচালক মোহাম্মদ হেলাল পরিবার নিয়ে বসবাস করে আসছেন। রিকশাচালক হেলাল জানান, অতি বর্ষণের সময় গত ৫ আগস্ট বিকেলে তার মা রোসানা বেগম নিখোঁজ হন। চার দিকে অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি। পরের দিন বিকেলে তাদের বাসার পাহাড়ের ৩০০-৪০০ ফুট নিচে মিশনারি কবরস্থানে তার লাশ পাওয়া যায়। কাপ্তাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন বলেন, পরিবারের অগোচরে অসুস্থ বৃদ্ধা পা পিছলে পাহাড় থেকে পড়ে মারা গেছেন। এ ঘটনায় কাপ্তাই থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।