মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (এফডব্লিওভি) কমলা রানী সরকারের বিরুদ্ধে গর্ভবতী মায়েদের কাছ থেকে কার্ড বাবদ উৎকোচ নেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বায়রা ইউনিয়নের কালীনগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা লিমা আক্তার (২২) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, লিমা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কমলা ক্ষিপ্ত হয়ে অসদাচরণ করেন। দীর্ঘ সময় অপেক্ষা ও একাধিকবার অনুরোধ করেও কার্ড মেলেনি তার। উপায়ন্তরহীন অবস্থায় লিমা বিষয়টি পার্শ্ববর্তী স্বাস্থ্য বিভাগের ফার্মাসিস্ট কমল চন্দ্র সরকারকে অবহিত করেন। পরে ভিকটিমকে বাধ্য হয়ে টাকা দিয়েই কার্ডটি সংগ্রহ করতে হয়। যার নম্বর ১৮২।

অভিযুক্ত পরিদর্শিকা কমলা বলেন, গর্ভবতী মায়েরা কার্ড নিতে আমাকে খুশি হয়ে সকলেই ২০০ টাকা করে দেন। এছাড়া ইতোপূর্বে জন্মনিয়ন্ত্রণ উপকরণ বিক্রির কথাও স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ইতোমধ্যেই তার বিরুদ্ধে চিঠি ইস্যুর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি সার্ভিসে কোনো টাকা-পয়সা নেয়া ও অসদাচরণের সুযোগ নেই। এটা সম্পূর্ণ গর্হিত কাজ।