ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবকের নাম কাওসার (২৭)। তিনি পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন জানান, দুপুরে পঞ্চগড় রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি। পথে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির ছাদ থেকে মাটিতে ঝাঁপ দেন কাওসার। ওই সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, টিকিট না নিয়ে কাওসার ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করেছিলেন। ভোমরাদহ রেলস্টেশনে পৌঁছালে তিনি ট্রেনের ছাদ থেকে ঝাঁপিয়ে মাটিতে পড়ার চেষ্টা করেন।

সোহরাব আলী সুজন আরো জানান, অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।