চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে একটি সিএনজি অটোরিকশা থেকে ৩৫৪ ভরি ওজনের সাতটি স্বর্ণের বারসহ বিকাশ ধর সুমন ও মনোরঞ্জন ভৌমিক নামে দু’জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
আটক বিকাশ ধর চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লা বকসিরহাট এলাকার যতীন্দ্র মোহন ধরের ছেলে এবং মনোরঞ্জন চট্টগ্রাম পাহাড়তলী এলাকার বণিকপাড়ার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বঙ্গবন্ধু সড়কের আল-আমিন অ্যাকাডেমি স্কুলের প্রবেশপথে চেকপোস্ট বসায়। সেখানে ফরিদগঞ্জ থেকে আসা চাঁদপুর লঞ্চঘাটগামী একটি সিএনজি অটোরিকশায় থামানো হয়। পরে অটোরিকশার আরোহী বিকাশ ও মনোরঞ্জনকে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় আসামি বিকাশের মাজার বেল্টের মধ্যে কসটেপ পেঁচানো পাঁচটি এবং মনোরঞ্জনের মাজায় থাকা বেল্টে থেকে দু’টি স্বর্ণের বার জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা স্বর্ণের বারগুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামে ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। পুলিশ তাদেরকে আটক করে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে এবং তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানান।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৩ রতি। যার আনুমানিক মূল্য তিন কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।