রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গায় থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকার আপন ঘর নামে ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ১৮ বছর।
জানা গেছে, লাশের মুখের ডান পাশে চোয়ালের সাথে কান বরাবর আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে রক্ত দেখা গেছে। লাশের পরনে ছিল কালো প্রিন্টের সালোয়ার কামিজ। লাশ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আঙ্গুলের ছাপ, ডিএনএ-সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লাশের সুরতহাল শেষে বুধবার দুপুরেই ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: ফারুক মোল্লা বলেন, মেয়েটির এনআইডি কার্ড সম্ভবত হয়নি। তাই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তের জন্য কার্যক্রম চলছে। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





