পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ বছর পলাতক থাকার পর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো: বেল্লাল হোসেনের নেতৃত্বে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ি একটি টিম চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আনোয়ার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের মজিবর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে চাদাবাজী ও ডাকাতির অভিযোগে মামলা হয়। মামলায় আদালত তার পাঁচ বছর সাজা দেন। মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক এবং আত্মগোপনে ছিলেন।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো: নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।