সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাজেল আহমদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে তানভীর আহমদ নামে আরেক কিশোর।

বৃহস্পতিবার রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারের শাহি ঈদগাহের পাশে এই ঘটনা ঘটে।

তাজেল আহমদ উপজেলার ৯ নম্বর পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আমুড়া গ্রামের ময়েন মিয়ার ছেলে। এবং এ ঘটনায় আহত তানভীর আহমদ একই এলাকার সফিক উদ্দিনের ছেলে।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, থানায় কোনো অভিযোগ দাখিল করেনি।

জানা গেছে, চার থেকে পাঁচ দিন আগে ফেসবুকের মেসেঞ্জারে কথা কাটাকাটি হয় উপজেলার আমুড়া ইউপির কদমরসুল গ্রামের অপু আহমদের সাথে তাজেলের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি রেশ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমুড়া ইউপির আমনিয়া বাজারের শাহি ঈদগাহের পাশে অপু আহমদ পাঁচ থেকে ছয়জন যুবক নিয়ে সঙ্ঘবদ্ধভাবে তার (তাজেল) ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুঠিয়ে পড়েন তাজেল। তাকে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করতে সাথে থাকা তানভীর এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাজেল ও তানভীরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে মৃত্যু হয় তাজেল আহমেদের। গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন তানভীর আহমদ।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি খুন হওয়ার ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, আসামিদের আটকের জন্য পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।