নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজু আহম্মেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দু’জন।

শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলার মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার নারায়নপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাজু আহম্মেদ মোটরসাইকেল নিয়ে নাগরকান্দি অভিমুখে যাচ্ছিল। এ সময় রাস্তার বটতলা নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে রাজুসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে রাজুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

তাকে রাজশাহী হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে আহত অপর দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।